চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাই শাহজালাল খানের (৩৮) হাতুড়ির আঘাতে বড় ভাই খাজে আহমেদের (৫৭) মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করেছে। গত বুধবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত খাজে আহমেদ আগে দুবাইপ্রবাসী ছিলেন এবং বাড়িতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যার জনক। অভিযুক্ত শাহজালাল পূর্বে প্রবাসে ছিলেন এবং বর্তমানে অটোরিকশাচালক। শাহজালাল ৪ ভাইয়ের মধ্যে ছোট।
তৃতীয় ভাই অলি উল্লাহ খান জানান, ‘গত কয়েক দিন সম্পত্তিগত বিরোধ নিয়ে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্পত্তির বিষয়ে সালিশ বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে শাহজালাল খাজে আহমেদকে মারধর করেন এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাধা দেয়। ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
এদিকে এ ঘটনার পর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন নিহতের স্ত্রী রুবি আক্তার।
সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাই শাহজালাল খানের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজে আহমেদের মৃত্যুর ঘটনার বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
