ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের পূর্ব দিকে যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে থাকা সেনাদের সঙ্গে দেখা করেছেন। তিনি ঘোষণা দেন, গ্রীষ্মকালে রাশিয়ার সেনারা তাদের যতটা ঠেলে সরিয়ে দিয়েছিল, তার কিছু অংশ এখন ইউক্রেনের সেনারা আবার দখল করে নিয়েছে।
জেলেনস্কি বলেন, সেনারা দোবরোপিলিয়া নামে একটি খনি শহরের কাছে কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। আগস্ট মাসে রাশিয়া এই এলাকাটিতে ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে ঢুকে পড়েছিল।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি লিখেছেন, ‘সেনারা ধাপে ধাপে আমাদের ভূমি মুক্ত করছে। এই অভিযান শুরু হওয়ার পর থেকে আমরা ১৬০ বর্গকিলোমিটার এলাকা এবং সাতটি গ্রাম পুনরুদ্ধার করেছি।’
জেলেনস্কি ঠিক কবে এই সাফল্য এসেছে, তা জানাননি। তবে তিনি বলেন, পাল্টা হামলা এখনো চলছে এবং রাশিয়া এই যুদ্ধে ‘হাজার হাজার সৈন্য হারিয়েছে।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এরপর থেকে রুশ সেনারা দনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের দখল নেওয়ার জন্য মাসের পর মাস ধরে লড়ছে।
ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা বলছে, রাশিয়া সামান্য কিছু জায়গা দখলের জন্য অনেক বেশি সৈন্য হারাচ্ছে। এর ফলে পুরো শহর ও গ্রামগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দনেৎস্কের কোস্তিয়ানতিনিভকা শহরে রাশিয়ার বিমান হামলায় পাঁচজন মারা গেছেন।
ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি অনলাইন মানচিত্র ‘ডিপস্টেট’ অনুযায়ী, শহরটি যুদ্ধক্ষেত্রের সামনের লাইন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত এবং তিন দিক থেকে রাশিয়ার সেনারা শহরটিকে ঘিরে রেখেছে।
রাশিয়া বরাবরই বলে আসছে, তারা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।
পিকাসোর আঁকা ছবি নিলামে, দাম ১০০ কোটি টাকা!