ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাঁচ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও স্বাধীনতার পর চলমান ব্যর্থতার কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন। স্বাধীনতা অর্জনের সময় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার-এই তিন মৌলিক স্লোগান সামনে থাকলেও ক্ষমতায় থাকা শক্তি কোনোটিই পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, গত ৫৩ বছর ধরে যারা দেশ পরিচালনা করছেন, তারা মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, এরা নতুন করে আবার ক্ষমতায় আসলে কী মধু খাওয়াবে বাংলাদেশের মানুষ বুঝে গেছে। এখন পরিবর্তন প্রয়োজন।
রেজাউল করীম বলেন, বিগত সময়গুলোতে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে একটি বাংলাদেশে বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। সেই নতুন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় গিয়ে জনগণের হারানো আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জোর দাবি জানায়। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নেয়া হবে বলেও হুঁশিয়ার দেন তারা।
গণসমাবেশে সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি নিয়ে সোচ্চার ছিলেন।
