জীবনের নিরাপত্তা চেয়ে দিনাজপুর গণঅধিকার পরিষদ সভাপতির জিডি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা সভাপতি মো. সফিকুল ইসলামকে পিস্তল দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সফিকুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টায় কোতয়ালী থানায় অনলাইনের মাধ্যমে তিনি জিডি করেন।

জিডিতে মো. সফিকুল ইসলাম উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের কসবা গফুর পাড়ায় নিজ বাড়ীতে অবস্থান করছিলাম। এ সময় ওই এলাকার মো. জবেদ আলীসহ ৮/১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি আমার বাসায় ঢুকে আগ্নেয়াস্ত্র (পিস্তল) দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তারা আমাকে বলেন, আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিয়ে গালিগালাজ করি, জাতীয় পাটির অফিস ভাঙ্গতে যাই, নুরের দল করি এসব আজে বাজে কথা বলে আমাকে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

আমাকে একাকি রাস্তায় পেলে জানে মেরে ফেলে আমার লাশ গুম করে ফেলবে। আমি আশংকা করছি ওই ব্যক্তি আমার যে কোন বড় ধরণের ক্ষতি করতে পারে। তাই নিরাপত্তার জন্য এই জিডি করা প্রয়োজন।

মো. সফিকুল ইসলাম জানান, জিডি করা ছাড়াও বিষয়টি নিয়ে আমি কেন্দ্রে কথা বলেছি। তারা প্রশাসনের সঙ্গে কথা বলেছে। পুলিশ প্রশাসন আমাকে সহযোগিতা করছে।

কোতয়ালী থানার ওসি নুরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত