অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের সার্বিক অগ্রগতির জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে একযোগে কাজ করতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইল অ্যান্ড এগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, “যখন সবাই মিলে কাজ করে, তখন জাতি শক্তিশালী হয়ে ওঠে। আমাদের তরুণ সমাজ ইতিমধ্যেই দেখিয়েছে, জনগণের ঐক্য কীভাবে অদম্য শক্তিতে রূপ নেয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই এই দায়িত্ব পালনের সময়।”
‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশে তৈরি পণ্যগুলোকে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এজন্য প্রয়োজন উৎপাদনমুখী শিল্পের প্রসার, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উদ্ভাবনের উন্নয়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা। এ ধরনের মেলা শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে সহায়ক হবে।”
শিল্প উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত তিনটি খাত হলো অটোমোবাইল, এগ্রো মেশিনারি এবং লাইট ম্যানুফ্যাকচারিং। এসব খাত উৎপাদনশীল শিল্পের বিকাশ, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
তিনি বলেন, “জাতীয় শিল্পনীতির লক্ষ্য হলো দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, যাতে বাংলাদেশ আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। ইতোমধ্যে নীতি সহায়তা, কর সুবিধা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সরকার সে লক্ষ্যেই এগোচ্ছে।”
আদিলুর রহমান খান আরও আশা প্রকাশ করেন, এই মেলা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং নতুন ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করবে। শিল্প মন্ত্রণালয় বিসিআইসি, বিএসআইসি, ইএসটিআই ও এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে এসব খাতে সহায়তা দিচ্ছে, যা শিল্প খাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৬ হাজার টাকা