ঘাঘর নদীর বাঁধ অপসারণের আশ্বাস ইউএনওর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

শারদীয় দুর্গাপূজা নিয়ে সারাদেশের মত গোপালগঞ্জের কোটালিপাড়ায়ও উৎসবের আমেজ বিরাজ করলেও ঘাঘর নদীর মোহনায় বাঁধ থাকায় এই উৎসব নিয়ে শঙ্কিত হিরণ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা।

জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৫ কোটি ৪৪ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে পয়সারহাট-গোপালগঞ্জ খাল খনন শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। কাজের সমাপ্তি হবে ২০২৭ সালের ৫ সেপ্টেম্বর। আতাউর রহমান খান লিমিটেড নামে বগুড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খালটি খননের লক্ষে ঘাঘর নদীর মোহনায় বাঁধ দেয় এক বছর আগে। বর্ষা মৌসুম থাকায় খাল খননের কাজ এখন বন্ধ থাকলেও বাঁধ অপসারণ না করায় খাল দিয়ে যাতায়াত সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। 

উপজেলার তারাশী কর্মকার বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি গোশাই কর্মকার আমার দেশকে বলেন, এ বছর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে শুরু হওয়া দুর্গাপূজার সমাপ্তি ঘটবে ২ আগস্ট বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। আমরা প্রতিবছর বিজয়া দশমীর দিন দুপুরে নৌকায় করে ঘাঘর নদীতে নিয়ে আসি। সারাদিন আনন্দ উৎসব শেষে সন্ধ্যায় ঘাঘর নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ বছর আমরা পূজার এই উৎসব নিয়ে শঙ্কিত আছি পয়সারহাট-গোপালগঞ্জ খালের ঘাঘর নদীর মোহনায় বাঁধ থাকার কারণে। বাঁধের ফলে নৌকায় প্রতিমা আনা-নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের প্রতিমা বিসর্জনের কি হবে তা নিয়ে সকলে চিন্তিত। 

ঘাঘর বাজারের ব্যবসায়ী রনজিত সাহা বলেন, দুর্গৎউসব পালনে ঘাঘর নদীর মোহনার বাঁধ অপসারণের জন্য এলাকার ১০০ জন ব্যক্তির স্বাক্ষরযুক্ত একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া হলেও বাঁধ অপসারণে কোন ব্যবস্থা না নেওয়া হওয়ায় আমরা দুঃচিন্তার মধ্যে রয়েছি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আশাকরছি খুব দ্রুত সময়ের মধ্যে বাঁধটি অপসারণ করা হবে যাতে দুর্গাপূজায় কোন সমস্যা না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত