মির্জাপুরে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, ১০ কারখানায় ভোগান্তি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে প্রায় দুই হাজার আবাসিক গ্রাহক ও অন্তত ১০টি কারখানা ভোগান্তিতে পড়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টা পর্যন্ত ৪২ ঘণ্টা পার হলেও মেরামত করতে পারেনি তিতাস কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মির্জাপুর পৌরসদরের বাইমহাটি এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের পাইলিং করার সময় হঠাৎ গ্যাসের পাইপ ফেটে যাওয়া গ্যাস সরবরাহ বন্ধ হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে মির্জাপুর পৌরসদরের বাইমহাটি এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের পাইলিং করার সময় হঠাৎ গ্যাসের পাইপে খননযন্ত্রে আঘাত লাগে। এতে পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পাশাপাশি লাইন মেরামতের জন্য লোকজন আসেন। তবে রবিবার দুপুর ৩টার পর্যন্ত মেরামত করতে পারেনি কর্তৃপক্ষ। এতে করে গোড়াই শিল্প এলাকা এবং কুমুদিনী হাসপাতালসহ অন্তত পাঁচ হাজার গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন।

তিতাস টাঙ্গাইলের সহকারী প্রকৌশলী রমজান আলী জানান, ফেটে যাওয়া লোহার পাইপটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। পাইপটি অন্তত ৩০ ফুট নিচে অবস্থিত। মসজিদের পাইলিং করার সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পাইপটি ফাটিয়ে ফেলেছেন। ওই স্থানে গ্যাস লাইনের পাইপ রয়েছে বিষয়টি সবাই জানা স্বত্বেও তাদের কাজের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে জানায়নি।

তিতাস গাজীপুরের চন্দ্রা এলাকার ব্যবস্থাপক কাউছারুল ইসলাম বলেন, পাইপ ফেটে যাওয়াতে ক্ষয় ক্ষতির সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

এদিকে দায়সাড়া বক্তব্য দিলেন গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল। তিনি জানান, মডেল মসজিদ নির্মাণের স্থানে গ্যাসের পাইপ লাইন আছে তা তাদের জানা ছিল না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত