ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযান চালিয়ে দলটির ২০ নেতাকর্মীকে আটক করেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় ৩০ জনকে এজহারভুক্ত আসামি করা হয়েছে, অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে রাখা হয়েছে।
আটককৃতরা হলেন কুমিল্লা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরের শরিফ আহমেদ মজুমদার সোহাগ, লালবাগের হানিফ চৌধুরী, সাওড়াতলীর দেলোয়ার হোসেন, বেলতলীর মহিবুল্লাহ আপন, চাঙ্গিনীর জুয়েল, দিশাবন্দের দেলোয়ার, গাবতলীর জসিম উদ্দিন, মহেষপুরের ফরিদ, বৈষখলার সজিব, গোয়ালমথনের মোহাম্মদ আলী, সদর উপজেলার ধনপুরের জানে আলম লোটাস, আলেখাচরের নুরুল ইসলাম রানা, খিলতলীর মোবারক, বালুতুপার আব্দুল আজিজ সজিব, নাজমুল হক, বরুড়া উপজেলার ইলিয়াস, লালমাই উপজেলার সাদ্দাম হোসেন মজুমদার, চেঙ্গাহাটার নোমান ও বুড়িচং উপজেলার আব্দুল কাদের।
পুলিশ বলছে, শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ জেলা আ. লীগের ব্যানারে নেতাকর্মীরা মহাসড়কে ঝটিকা মিছিল বের করে। কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় মিছিলটি হয়। পরে সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিভিন্ন বয়সী কিছু ব্যক্তি ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। মিছিলের পরপরই পুলিশের একাধিক দল রাতভর অভিযান চালিয়ে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। দুপুর ২টার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ভাষা ব্যবহারে ইবি দেশে জন্য আদর্শ: ড. সলিমুল্লাহ খান
মরা মুরগির গোশত বিক্রির অপরাধে দুজনের অর্থদণ্ড