পাকিস্তান আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী নয়: সূর্যকুমার যাদব

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। এর আগে গ্রুপ পর্বে হারিয়েছিল ৭ উইকেটে। দুটি সহজ জয়ের পর বিখ্যাত ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে আর হাইপ তুলতে বারণ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তার মতে, পাকিস্তান আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী নয়। বরং একতরফাভাবে ম্যাচ জিতে যাচ্ছে ভারত।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে প্রশ্ন উঠতেই সূর্যকুমার বলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এবার প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটি দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভালো ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তাহলে এখন আর এটা কোনো লড়াই নয়। আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়।’

এমনিতেই সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানের নাম মুখে আনেননি সূর্য। ‘আরও একটা ম্যাচ’ বলেছিলেন গত রবিবারের লড়াইকে। আর গতকালের আগে আর কোনো অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খোলাখুলি এরকম মন্তব্য করেননি। ক্রিকেটে গত ১৫ বছরে ভারত পাকিস্তানের উপর সত্যিই আধিপত্য বিস্তার করেছে। ৩১টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে ভারত।

অবশ্য সব মিলিয়ে পরিসংখ্যানের বিচারে পাকিস্তান এখনও এগিয়ে। দুই দলের ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাকিস্তান ৮৮টি জিতেছে, ভারত জিতেছে ৭৮টি। টেস্টে ৫৯টি ম্যাচে পাকিস্তান জিতেছে ১২টি, ভারত ৯টি, ৩৮টি ম্যাচ ড্র হয়েছে। ওয়ানডে ক্রিকেটে ভারত এগিয়ে। তারা জিতেছে ৫৮টি, পাকিস্তান ৪৩টি। টি-টোয়েন্টিতে ভারত ১৫টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে, পাকিস্তান মাত্র ৩টি ম্যাচ জিতেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত