এশিয়া কাপের সুপার ফোর পর্বে আবারও পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ভারত। গতকাল রবিবার দুবাইয়ে রাতে ৬ উইকেটে জিতে অপরাজিত যাত্রা ধরে রাখল সুর্যকুমার যাদবের দল। এই হারের পর যথারীতি পাকিস্তান দলের সমালোচনায় সরব হয়েছেন দেশটির সাবেকরা্, যাদের একজন শোয়েব আখতার।
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার সরাসরি দল নির্বাচনের সমালোচনা করে বলেছেন, ‘আমি বুঝি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে! কেন একই ভুল বারবার হচ্ছে? মিডল অর্ডার সাজানোর পেছনে কোনো পরিকল্পনাই দেখি না। এছাড়া পাওয়ারপ্লেতে কোনো কৌশল নেই। বোলারদেরও সঠিকভাবে ব্যবহার করা হয়নি। লাইন-লেংথ একেবারেই খারাপ ছিল।’
অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেসার, ‘সালমান নিজেই জানে না কীভাবে সে নেতৃত্ব দিচ্ছে। সে দলের দুর্বলতম গুটি। সে আসলেই জায়গা পাওয়ার যোগ্য কি না, সেটা নিয়েই প্রশ্ন আছে। ব্যাট হাতে অবদান নেই, সিদ্ধান্তগুলোতেও ভুলে ভরা।’
এশিয়া কাপে টানা দুইবার ভারতের কাছে হেরে পাকিস্তানের ফাইনালে ওঠার পথ এখন কঠিন হয়ে পড়েছে। শোয়েব আরও অভিযোগ করেন, ম্যাচ জেতাতে সক্ষম ক্রিকেটারদের উপেক্ষা করা হচ্ছে, ‘হাসান নওয়াজ বা ওয়াসিম জুনিয়রের মতো খেলোয়াড়দের বাইরে রেখে এমন সব ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছে, যারা দলের জয়ে কোনো অবদান রাখতে পারে না। এর দায় নিতে হবে টিম ম্যানেজমেন্টকেই।’
পাকিস্তান আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী নয়: সূর্যকুমার যাদব
তরেসের জোড়া গোলে বার্সেলোনার জয়রথ ছুটছেই