আসন্ন ভারত-উইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। বাঁ পায়ের চোট কাটিয়ে এখনো পুরোপুরি সেরে না ওঠায় তাকে বাইরে রাখতে হচ্ছে। আহমেদাবাদে আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ।
গত ইংল্যান্ড সফরের চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে বাঁ পায়ে ভাঙন ধরা পড়ে পান্তের। প্রথম ইনিংসে ব্যাট করতে গেলেও পরে তাকে স্কোয়াড থেকে সরিয়ে বদলি হিসেবে নেওয়া হয় এন জগদীশানকে। বর্তমানে বেঙ্গালুরুর এনসিএতে পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছেন পান্ত। শক্তি ও ফিটনেস অনুশীলন করলেও এখনও ব্যাটিং ও কিপিং শুরু করার মতো অবস্থায় নেই। বিসিসিআই মেডিকেল টিম চূড়ান্ত অনুমতি না দিলে পান্তের মাঠে ফেরা হবে না।
পান্ত না থাকায় ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির শেষ দুই টেস্টেও কিপিং করেছিলেন তিনি। জগদীশান থাকতে পারেন ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে। আগামী ২৪ সেপ্টেম্বর ১৫ সদস্যের দল ঘোষণা করতে পারে ভারত। এই দলে দেবদত্ত পাডিক্কল ও নিতীশ কুমার রেড্ডিকেও বিবেচনায় রাখা হয়েছে।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ভারতের ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন পাডিক্কল। অন্যদিকে নিতীশ রেড্ডি যদিও চোট কাটিয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি, তবে দ্বিতীয় চার দিনের ম্যাচে দলে আছেন। ভারত-উইন্ডিজ সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ড্র করার পর চ্যাম্পিয়নশিপে বর্তমানে ভারতের অবস্থান তৃতীয়। অন্যদিকে তিন ম্যাচে তিন হারে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ষষ্ঠ স্থানে।
যেভাবে ব্যালন ডি’অর জিতে ফুটবলের নতুন সম্রাট হলেন দেম্বেলে
ভারতকে হারাতে পিসিবি প্রধান আর সেনাপ্রধানকে ওপেন করতে বললেন কারাবন্দি ইমরান
সেরা ক্লাবের পুরস্কার জয়ের রাতে লিগে হারলো পিএসজি