ইরানে আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

ইরানে আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে মস্কো সফর করছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এই তথ্য জানিয়েছে।

ইরানে আটটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের এই পরিকল্পনা ২০১৪ সালে ঘোষণা করা হয়। কিন্তু এক দশক পার হয়ে গেলেও এটি এখনো প্রাথমিক চুক্তির স্তরেই রয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ইসলামি বলেন, চুক্তি নিয়ে আলোচনা শেষ হয়েছে। এই সপ্তাহেই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা বাস্তবায়নের দিকে এগোব।

আটটি পারমাণবিক চুল্লি সমৃদ্ধ এই প্রকল্পের মাধ্যমে ইরান ২০৪০ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্য রাখছে।

রাশিয়া ২০১১ সালে ইরানের বুশেহর শহরে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা সত্ত্বেও ২০১৩ সালে এর নির্মাণকাজ শেষ হয়।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট ইসলামির বরাতে বলা হয়েছে, নতুন এই প্রকল্পের আটটির মধ্যে চারটি চুল্লিই নির্মিত হবে বুশেহর শহরেই।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। তবে ইরান এসব অভিযোগ সব সময় অস্বীকার করে বলে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে।

অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতার বিরোধী। তবে বেসামরিক ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের তেহরানের অধিকারকে সমর্থন করে মস্কো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত