‘সব দলই ভারতকে হারাতে পারে, আমাদের আত্মবিশ্বাস আছে’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

চলতি এশিয়া কাপে ভারত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রতিপক্ষে যেই থাকুক না কেন, তাদের গুঁড়িয়ে দিচ্ছে সূর্যকুমার যাদবের দল। আগামীকাল বুধবার সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। তার আগে বাংলাদেশ কোচ ফিল সিমন্স বললেন, ভারতকে হারানো অসম্ভব কিছু নয়। বরং সব দলই ভারতকে হারানোর ক্ষমতা রাখে।

দুবাইয়ে আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে, সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন, ওই সাড়ে তিন ঘণ্টায় কী হলো—সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।’

গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠলেও শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টাইগারদের শুরুটা হয়েছে দারুণ। ভারতকে হারালে ফাইনালের পথে এগিয়ে যাওয়া যাবে। ভারতের বিপক্ষে কী করতে হবে, সেটাও পরিষ্কার করে দিয়েছেন সিমন্স, ‘হারানোর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আছে আমাদের। যদি সুযোগ আসে, কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগাতে পারলেই ভারতের বিপক্ষে জেতা সম্ভব।’

রেকর্ড বলছে, ১৭ টি-টোয়েন্টির মধ্যে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি। তবু সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই উত্তেজনা নিয়ে সিমন্স বললেন, ‘সব ম্যাচেই হাইপ থাকে। বিশেষ করে ভারত যেহেতু এক নম্বর টি-টোয়েন্টি দল, তাদের বিপক্ষে তো থাকবেই। এটা থাকা উচিতও। আমরা এটা উপভোগ করি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ম্যাচ উপভোগ করি। উপভোগ করো, সেরাটা দাও—   ম্যাচের আগে আমাদের ভাবনা এটাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত