মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের পরিবারবর্গের সংবাদ সম্মেলন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

নিজেদের অসহায় অবস্থা ও বিভিন্ন দাবির কথা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের পরিবারবর্গের সদস্যরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিমান দুর্ঘটনায় নিহত তাসনিয়া হকের বাবা নাজমুল হক। হতাহতদের পরিবারবর্গের সদস্যরা দেশবাসী ও সরকারের উদ্দেশে ৮টি দাবি পেশ করেন। সংবাদ সম্মেলনে হতাহতদের পরিবারের পক্ষে দাবিগুলো তুলে ধরেন বিমান দুর্ঘটনায় নিহত নাজিয়া এবং নাফির বাবা আশরাফুল ইসলাম। দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচার করা, প্রত্যেক নিহতদের ৫ কোটি এবং আহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান, সরকারি ব্যবস্থাপনায় হেলথ কার্ডের ব্যবস্থা, দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা, ২১ জুলাই দিনটিকে শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস হিসেবে পালন, নিহতদের কবর সংরক্ষণ, রাষ্ট্রীয়ভাবে শহীদী মর্যাদা প্রদান এবং মাইলস্ট্রোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে রাজধানীর উত্তরায় একটি মসজিদ নির্মাণ।

সংবাদ সম্মেলনে হতাহতদের পরিবারবর্গের সদস্যরা বলেন, দুর্ঘটনার ক্ষণ থেকে আমাদের প্রত্যেকটা দিন নির্মম কষ্টের ভেতর অতিবাহিত হচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ছাড়া কেউ আমাদের পাশে নেই। আমরা চাই, সরকার আমাদের দাবিগুলো বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করুক তাতে আমাদের আগামীদিনের কষ্টগুলো কিছুটা হলেও লাগব হবে। সংবাদ সম্মেলনে হতাহতদের পরিবারের সদস্যদের মধ্যে নিজেদের কষ্টের কথা জানিয়ে বক্তব্য রাখেন আহত জাইয়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত, তৌফিকের বাবা সুমন, নিহত সামিউলের বাবা রেজাউল করিম প্রমুখ।       

×
সর্বশেষ সর্বাধিক পঠিত