সৌদি আরবের গ্রান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৮২ বছর বয়সে রিয়াদে মারা যান শেখ আবদুল আজিজ আল-শেখ।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ আবদুল আজিজ আল-শেখ-এর মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বিজ্ঞ আলেম এবং ইসলামিক চিন্তাধারার একজন পথপ্রদর্শককে হারিয়েছে। ইসলাম ও তার অমূল্য জ্ঞানচর্চায় তার আজীবন নিষ্ঠা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মুসলিম বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।’
শেখ আবদুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার প্রজ্ঞা ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন।
তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে বিশেষ ডিগ্রি নিয়ে স্নাতক হন।
ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব: তাসনিম জারা