বার্সেলোনার ঘরে ফেরার স্বপ্নভঙ্গ, কবে খুলবে ঘরের দূয়ার?

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

বার্সেলোনার ঘরে ফেরার স্বপ্ন আবারও ভেঙে গেল। চলমান সংস্কারের কারণে অস্থায়ী মাঠে খেলতে থাকা কাতালান ক্লাবটি এবারও নিজেদের হোম ভেন্যু ক্যাম্প ন্যুতে ফিরতে পারছে না। শহর প্রশাসনের অনুমতি না মেলায় আগামী রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে মন্টজুইকের এস্তাদিও অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে।

বার্সেলোনা কর্তৃপক্ষ আশাবাদী ছিল যে আংশিক সংস্কারকৃত ক্যাম্প ন্যুতে ২৭,০০০ দর্শক ধারণক্ষমতা নিয়ে ফিরতে পারবে তারা। কিন্তু বার্সেলোনা সিটি কাউন্সিল নিরাপত্তা ঘাটতির কারণে মাঠ ব্যবহারের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানায়। কাউন্সিল সূত্র জানায়, মাঠের এক্সিট পথ, সিঁড়ি ও হাতল, সাইনেজ এবং যানবাহনের প্রবেশসহ কিছু কাঠামোগত ত্রুটি এখনও ঠিক হয়নি।

এগুলোর বেশিরভাগ ছোট সমস্যা এবং দ্রুত সমাধানযোগ্য হলেও অনুমতি দিতে নারাজ সিটি কাউন্সিল। শহরের উপ-মেয়র লায়া বোনেট বলেন, ‘আমরা প্রথম ধাপের শেষ পর্যায়ে আছি, যেখানে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু তার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে সব নিরাপত্তা শর্ত পূরণ হয়েছে। বার্সেলোনার দ্রুত মাঠে ফেরার ইচ্ছার সঙ্গে আমরা একমত, কিন্তু আমাদের অগ্রাধিকার হলো দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা।’

এ কারণে বাধ্য হয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রবিবারের ম্যাচটি মন্টজুইকের এস্তাদি অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করবে বার্সেলোনা। ইতোমধ্যে উয়েফা নিশ্চিত করেছে যে আগামী ১ অক্টোবর পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা এবং ভাইস-প্রেসিডেন্ট এলেনা ফোর্ট আশা করেছিলেন এই সপ্তাহেই ক্যাম্প ন্যু ব্যবহারের অনুমতি মিলবে। কিন্তু সেটি না হওয়ায় তারাও হতাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত