ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
