খুলনায় ট্রেনের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা জংশন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল (২২) দিনাজপুরের রফিকুল ইসলামের ছেলে ও খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ২য় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি খুলনার বৈকালী এলাকার একটি মেসে থাকতেন।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই আজাদ রহমান জানান, সন্ধ্যা সোয়া ৭টা দিকে বেতনা কমিউটার ট্রেন বেনাপোল থেকে খুলনা যাচ্ছিল। শাকিল রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। তিনি ট্রেন আসার বিষয়টি টের পাননি। দ্রুতগামী ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
এসআই আজাদ জানান, জংশন স্টেশনমাস্টার খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুরে তার পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে।
