বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
দুর্ঘটনাটি শুক্রবার সকাল ৬টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা, বগুড়া-সারিয়াকান্দি সড়কে ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে, সিএনজি চালক শুকুর আলী (৪০), গাইবান্ধার সাঘাটা উপজেলার কুটিবাড়ি এলাকার বিমল মিয়ার ছেলে বিপুল মিয়া (৩৮) ও নিহত বিপুলের ছেলে বিপ্লব মিয়া (৫)। আহত দু’জন হলেন, নিহত বিপুল মিয়ার স্ত্রী মমতা (৩২) ও তার কন্যা রুপামনি (৯)। তাদের অবস্থা আশঙ্কাজনক।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিপুল মিয়া পরিবারসহ ঢাকা থেকে ভোরে বগুড়ায় আসে। বগুড়া শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে সারিয়াকান্দির শশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
পথে সকাল ৬টার দিকে সারিয়াকান্দির ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের শিশু বিপ্লব, বিপুল মিয়া ও সিএনজি চালক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। অপর আহত দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সারিয়াকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ক্যাচ ফেলা ও আর ভুল শট সিদ্ধান্তে বাংলাদেশের হারে হতাশ কোচ