তিন স্থাপনার নাম পরিবর্তন

শাবিপ্রবির ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এখন ‘বিজয় ২৪ হল’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে এবং একইসঙ্গে নির্মাণাধীন আরও তিনটি হলের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিবর্তিত নামগুলোর মধ্যে ছাত্রদের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয় ২৪ হল’। ছাত্রীদের ‘প্রথম ছাত্রী হল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আয়েশা সিদ্দিকা হল’ এবং ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে করা হয়েছে ‘ফাতিমা তুজ জাহরা হল’।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন তিনটি হলের নামকরণও করা হয়েছে। ১০ তলাবিশিষ্ট ছাত্রদের নতুন হলের নাম রাখা হয়েছে ‘গাজী বোরহান উদ্দিন হল’। ১০ তলাবিশিষ্ট ছাত্রীদের হলের নামকরণ করা হয়েছে ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’। আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য নির্মিত ৭ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাসের নাম রাখা হয়েছে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে—‘এম সাইফুর রহমান আন্তর্জাতিক হোস্টেল’।

এ ছাড়া ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত