রোনালদো-বেনজেমার ‘পুনর্মিলনের’ ম্যাচে আল নাসরের দাপুটে জয়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম

সৌদি প্রো লিগে আবারও একই ম্যাচে দেখা গেল দুই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে। জেদ্দায় অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বী হলেও ম্যাচের আগে দুই তারকার উষ্ণ অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত সমর্থকদের ফিরয়ে নিয়ে গেল সোনালী অতীতে।

প্রায় এক দশক ধরে রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলা এই দুই কিংবদন্তি ম্যাচ শুরুর আগে করমর্দন করেন এবং কিছু সময় হাসিমুখে কথা বলেন। ভিন্ন ক্লাবের হয়ে খেললেও মাঠের বাইরে সম্পর্কটি যে অটুট, সেটিই প্রমাণ করলেন রোনালদো-বেনজেমা জুটি। ম্যাচে দারুণ ফর্মে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলেই আল নাসর ২-০ ব্যবধানে জয় তুলে নেয়।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আল নাসর। মাঝমাঠে দাপট দেখিয়ে একাধিক সুযোগ তৈরি করে। রোনালদোর ধারালো ফিনিশিং আবারও প্রমাণ করে দিয়েছে, বয়স তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে চেষ্টা করেও বেনজেমার দল গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। তাদের আক্রমণ রুখে দেয় আল নাসরের দুর্দান্ত রক্ষণভাগ।

এই জয়ে শীর্ষস্থান আরও শক্ত করল আল নাসর। রোনালদোর এ পর্যন্ত গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩, আর বেনজেমা করেছেন ৪ গোল। দুজনই তাদের দলের মূল ভরসা হয়ে আছেন মৌসুম জুড়ে। ম্যাচ শেষে রোনালদো ও বেনজেমা আবারও শুভেচ্ছা বিনিময় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পুনর্মিলনের মুহূর্ত ছড়িয়ে পড়ে, ভক্তরা প্রশংসায় ভাসান দুই তারকাকে।

ইউরোপের শীর্ষ লিগ থেকে একাধিক তারকা খেলোয়াড় সৌদি প্রো লিগে যোগ দেওয়ায় এর জনপ্রিয়তা ও উত্তেজনা দিন দিন বাড়ছে। রোনালদো-বেনজেমার মতো কিংবদন্তিদের মুখোমুখি লড়াই লিগটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মৌসুম যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে – প্রতিদ্বন্দ্বী হলেও এই দুই তারকার মাঝে বন্ধুত্ব ও শ্রদ্ধার জায়গা অটুট আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত