নারায়ণগঞ্জের আড়াইহাজারে সারনা বেগম নামে এক বৃদ্ধার গলাকাট মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার তিনগাঁও গ্রামের টেক্সটাইল মিল-সংলগ্ন একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সারনা বেগম (৭০) ওই গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় মোহাম্মদ জাহাঙ্গীরের মালিকানাধীন টেক্সটাইল কারখানায় শ্রমিকদের মেসে রান্নার কাজ করতেন তিনি। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা ভবনের ছাদে একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের কারণ ও দোষীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।
