জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণ সুযোগ দিলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। পিজি হাসপাতালসত দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও উন্নতমানের করে গড়ে তোলা হবে। বিদেশে উন্নত স্বাস্থ্য সেবা দেশেই ব্যবস্থা করা হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ না করে জাতিকে সেই বার্তাই দিয়েছেন। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই আধুনিক উন্নত সকল চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। জামায়াতে ইসলামী দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারণ ইসলামের শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানুষ হিসেবে প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা লাভ করবে।
ড. হেলাল উদ্দিন বলেন, আল্লাহ কুরআনে বলেছেন- তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীর রাজনীতি জামায়াতে ইসলামী করেনি, করবে না। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মানুষের কল্যাণে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যান। যেখানে দুর্যোগ, দুর্দিন সেখানেই জামায়াতে ইসলামী মানবিক সহায়তায় নিয়ে হাজির। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি দুস্থ ও দরিদ্রদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ’র পরিচালনায় ও থানা সেক্রেটারি ইমাম হোসেনর ব্যবস্থাপনায় আরামবাগ হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
