রাজধানীতে হোটেল কক্ষে মিলল আইনজীবীর মরদেহ

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:৪০ পিএম

রাজধানীর ওয়ারী এলাকার একটি হোটেল কক্ষ থেকে সেলিম জাহান (৪৩) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জয়কালী মন্দিরসংলগ্ন ‘হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল’–এর ৪১৪ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, শরিয়তপুর জেলার পালং থানার ছোট সুন্দীপ গ্রামের বাসিন্দা সেলিম জাহান ওই হোটেলে ২১ জুন থেকে অবস্থান করছিলেন। 

জানা গেছে, তিনি পেশায় আইনজীবী হলেও এখনো শিক্ষানবিশ পর্যায়ে ছিলেন এবং শরিয়তপুর আদালতেই কাজ করতেন।

এসআই বক্কর জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

পুলিশের প্রাথমিক ধারণা, সেলিম জাহান লিভার সিরোসিসে ভুগছিলেন এবং চিকিৎসার প্রয়োজনে নিয়মিত ঢাকায় আসতেন। সর্বশেষ ২১ জুন তিনি চিকিৎসার উদ্দেশেই ঢাকায় এসে ওই হোটেলে উঠেছিলেন। অসুস্থতার জেরে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত