কুয়াকাটা সৈকতে ফের ভেসে এল মৃত ডলফিন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। ডলফিনটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠানো অবস্থায় ছিল।


রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটিকে দেখতে পান ট্যুর গাইড এ্যাসোসিয়েশনের সদস্য জামাল। পরে বন বিভাগ এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সমন্বয়ে ডলফিনটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।  

এর আগে গত ২০ সেপ্টেম্বর সমুদ্র সৈকতের চর-গঙ্গামতি এলাকার ৩৩ কানি নামক পয়েন্টে ১টি ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছিল।

উপরার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, সকালে জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকে এ কারণে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। দেখে মনে হয় প্রায় ২ দিন আগে মারা গেছে ডলফিনটি।

পরিবেশ কর্মীরা বলছেন, পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো ডলফিনের বিষয়ে যথেষ্ট সতর্ক থাকেন। চলতি বছরে এখন পর্যন্ত ১১টি, ২০২৪ সালে ১০টি এবং ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছিল কুয়াকাটাসহ সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায়।  

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল হক বলেন, শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কা, আবার কেউ বলছেন মাইক্রোপ্লাস্টিক এর জন্য ডলফিনটির মৃত্যু হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় কিভাবে মৃত্যু হয়েছে।

বনবিভাগের কুয়াকাটা বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কিছু দিন পর পর এসব মৃত ডলফিনের দেখা মিলে। আমি উপরার সদস্যদের মাধ্যমে ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। আমাদের সদস্যদের পাঠিয়েছি দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করতে, যাতে দুর্গন্ধ না ছড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত