দুর্গাপূজায় ভারত ভ্রমণে ভিড় বেড়েছে বেনাপোলে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

শারদীয় দুর্গাপূজার ছুটি কাটাতেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভিড় বেড়েছে। এদের মধ্যে কেউ ভারতে যাচ্ছেন দুর্গোৎসব পালন করতে,কেউবা চিকিৎসা করতে, আবার কেউ যাচ্ছে আত্মীয় স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, গত ২২  থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই ছয় দিনে প্রায় ৯ হাজার ৪২৭ জনেরও বেশি বাংলাদেশি ভ্রমণকারী ভারতে গিয়েছিলেন। এটি দশ দিন আগের রের্কড করা সংখ্যার চেয়ে এখন প্রায় দ্বিগুণ।

ভ্রমণকারীদের মধ্যে খুলনা, বাগেরহাট, নড়াইল ও ঢাকার লোকজন বেশি রয়েছে।

পাসপোর্ট যাত্রী সুনীল ঘোষ বলেন, কাজের কারণে তিনি ভ্রমণের সময় পান না। তাই তিনি প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ পূজাছুটিতে কলকাতায় ভ্রমণের পরিকল্পনা করেছিলেন।

যাত্রী সুধীর মন্ডল বলেন, তিনি পূজা উৎসব উপভোগ করবেন কলকাতায়। সেখানে তিনি আত্মীয়দের সঙ্গে পূজা উদযাপন করবেন। 

দুর্গাপূজার কারণে ভারত সরকার ভিসা প্রদান শিথিল করেছেন। ছবি: প্রতিনিধি

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সাজীব বলেন,পূর্বের ন্যায় ভারত সরকার বাংলাদেশি যাত্রীদের ভিসা প্রধানের ব্যবস্থা করলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণ অনেক বেড়ে যাবে। যাত্রী পারাপার বেশি হলে সরকারের রাজস্ব আদায় বেশি হবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করে দেয়। পরবর্তীতে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও কিছু ইমারজেন্সি ভিসা প্রদান করেন। সে সময়ে প্রতিদিন ৮০ জন পাসপোর্ট যাত্রী ভারত যেত। রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া দুর্গাপূজার কারণে ভারত সরকার বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভিসা প্রদানে আরও একটু শিথিল করেছেন। এখন প্রতিদিন আড়াই হাজার বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত