চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল জালিয়াতিসহ নানান অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণে ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতি চেষ্টা হয়েছে বলে একটি অভিযোগ দুদকের কাছে এসেছে। অভিযোগ পেয়ে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন দুদক কর্মকর্তারা। এ ছাড়া আরও কিছু অভিযোগ ছিল। সেগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালে মাধ্যমিক এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলে অসংগতির অভিযোগ ওঠায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মুহাম্মদ একরামূল হককে প্রধান করে এই তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ১৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমার কথা থাকলেও সময় ১৫ কর্মদিবস বাড়ানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত