ব্রাজিলিয়ানের গোলে আর্সেনালের দারুণ প্রত্যাবর্তন; 'আমরা আবেগ নিয়ন্ত্রণ করেছি', বললেন আর্তেতা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

প্রিমিয়ার লিগে দারুণ মানসিক শক্তির পরিচয় দিয়েছে আর্সেনাল। রবিবার সেন্ট জেমস পার্কে স্বাগতিক নিউক্যাসলের মাঠে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলের জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।

নিক ভোল্টেমাদের গোলে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ঘুরে দাঁড়ায় গানাররা। ৮৪ মিনিটে মিকেল মেরিনো সমতা ফেরান। যোগ করা সময়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসের গোল আর্সেনালকে এনে দেয় অবিশ্বাস্য জয়।

ম্যাচ শেষে কোচ আর্তেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা আলোচনা করেছি— পরবর্তী ধাপে যেতে হলে প্রথমে অতীত থেকে শিখতে হবে। এই মাঠে আগের কষ্টের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। আজকের ম্যাচ ছিল আমাদের উচ্চাকাঙ্ক্ষা, পরিচয় আর খেলার ধরন দেখানোর সুযোগ, আর ছেলেরা সেটা দারুণভাবে করেছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করেছি, বিভিন্ন ধাপে ম্যাচ সামলেছি এবং যা প্রাপ্য ছিল সেটা আদায় করেছি। নিউক্যাসলকে হারানো সহজ নয়। কিন্তু দল যে সাহস, দৃঢ়তা আর মান দেখিয়েছে, সেটাই প্রমাণ করে আমরা কোথায় যেতে চাই।”

ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ১৫ পয়েন্ট। তৃতীয় স্থানে ক্রিস্টাল প্যালেস, তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত