বসুন্ধরা কিংস আগের মতো খেলোয়াড় আটকে না রাখলেও তাদের দেখানো পথে হেটে জাতীয় দলে খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান। রবিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিপোর্টিংয়ের এক ঘন্টা আগে লিখিতভাবে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট। ফলে ৯ অক্টোবর হংকং, চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতির শুরু থেকে পূর্ণাঙ্গ দল পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা। মোহামেডান খেলোয়াড় ছাড়লেও অবশ্য পূর্ণাঙ্গ দল পেতে ৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতো তাকে। রবিবার তিনি জানিয়েছেন ৬ অক্টোবর ইংল্যান্ড থেকে আসবেন হামজা চৌধুরী। শামিত সোম আসবেন এর একদিন বাদে। শনিবার তিনি প্রকাশ করেছিলেন ২৮ জনের প্রাথমিক স্কোয়াড। আজ মোহামেডান ডিফেন্ডার জাহিদ হাসান শান্তকে ডেকেছেন তিনি। তবে কাল প্রথম মাঠের সেশনে কাবরেরা পাচ্ছেন ২০ জন ফুটবলার। তাতে অবশ্য লাভ হয়নি। শান্তও আগেভাগে যোগ দিতে পারছেন না ক্লাবের সিদ্ধান্তে।
মোহামেডান জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের ৭২ ঘন্টা আগে জাতীয় দলে ডাক পাওয়া ছয় ফুটবলারকে ছাড়বে তারা। এটাকে বড় ধাক্কা হিসেবে মানতে নারাজ কাবরেরা। সেপ্টেম্বরের শুরুতে নেপালে প্রীতি সিরিজের প্রস্তুতিতেও পুরো স্কোয়াড শুরু থেকে পাননি কোচ। বসুন্ধরা কিংস তাদের ১০ ফুটবলারকে ছেড়েছিল ৭২ ঘন্টা আগে।
কাল অবশ্য সংখ্যা একজন বাড়বে। ইতালি থেকে ফাহামিদুল ইসলাম ক্যাম্পে যোগ দেবেন। তবে দলের বড় দুই তারকাকে আগেভাগে পাওয়া যাচ্ছে না। তবে জাতীয় দলে নতুন মুখ হিসেবে সোমবার সন্ধ্যায় ক্যাম্পে উঠেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সম্প্রতি নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ মূল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন জায়ান। শেষ পর্যন্ত তার মূল দলে থাকা হবে কীনা, সেটা নির্ভর করছে আগামী ১০ দিনের ট্রেনিং সেশন। এখানে কাবরেরাকে খুশি করতে পারলেই মিলবে মূল দলের টিকিট।
জায়ানকে কাছ থেকে দেখতে মুখিয়ে আছেন কাবরেরাও, 'আমি জায়ানকে দেখতে চাই। অনূর্ধ্ব-২৩ দলের কয়েকটি ট্রেনিং সেশন পরিচালনা করেছি এবং সেখানে তার সঙ্গে কাজ করেছি। ওর প্রতিভা আছে। কিন্তু পেশাদার লেভেলের খেলার অভিজ্ঞতা কিছুটা কম। আমি মনে করি তার দরকার জাতীয় দলের সিনিয়রদের সঙ্গে অনুশীলন করা। কিছুটা সময় দিলে সে অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে।'
'এশিয়া কাপ ট্রফি না নেয়ায় একদিন অনুশোচনা করবে ভারত'