বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাটের দুটি সিরিজ মিরপুর ও চট্টগ্রামে হওয়ার কথা জানিয়েছিল বিসিবি। তবে টি-টোয়েন্টি সিরিজের সূচিতে এসেছে পরিবর্তন।
আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। তিন ওয়ানডেই হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়।
২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দল। নতুন সূচি অনুযায়ী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। সেই ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের জন্যই আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ এটাই হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের শেষ প্রস্তুতির মঞ্চ।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। অবশ্য ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। আর টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়।
হংকং ম্যাচের জন্য ক্যাম্প: কাল আসছেন ফাহামিদুল ৬ অক্টোবর হামজা