গাজামুখী নৌবহর নিয়ে আজহারীর প্রতিক্রিয়া

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম

গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলি হামলার শিকার হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

তুরস্ক একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানায়। পাশাপাশি স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ একাধিক দেশে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে।

বাংলাদেশের পরিচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এ অভিযানের সফলতার জন্য প্রার্থনা করেছেন। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “হে সৃষ্টিকর্তা! অন্তত একটি জাহাজ হলেও যেন গাজার তীরে পৌঁছায়। ক্ষুধার্ত মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

এদিকে কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতের দিকে নৌবহরটি ইসরাইলি বাধার মুখে পড়ে। 

বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে ওঠে ইসরাইলি নৌবাহিনী। তারা সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়ে মানবাধিকার কর্মীদের আটক করে।

প্রতিবেদনে আরও বলা হয়, বহরের কয়েকটি নৌযানের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগ নেই। ইসরাইলি নৌবহরের কাছাকাছি যাওয়ার সময় বারবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। 

কখনো কর্মীরা নিজেরাই ফোন বন্ধ করে দেন বা ফেলে দেন, যাতে গ্রেপ্তার বা হয়রানি এড়ানো যায়।

এদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের গাজার জলসীমায় ইতোমধ্যেই একটি জাহাজ প্রবেশ করেছে। 

এছাড়া আরও অন্তত তেইশটি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত