সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম

গাজার উদ্দেশে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে গেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা জাহাজে প্রবেশ করে সেটির দখল নেয়।

পোল্যান্ডের পতাকা বহনকারী ‘ম্যারিনেট’ নামের জাহাজটিতে ছয়জন নাবিক ছিলেন। এটি ছিল শুরুতে ৪৪টি জাহাজ নিয়ে গঠিত বহরের শেষ সক্রিয় নৌযান।

গত কয়েক দিনে একে একে ফ্লোটিলার বাকি জাহাজগুলোও ইসরায়েলি নৌবাহিনী আটক করে। প্রতিটি জাহাজই গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই সতর্ক করেছিল, ম্যারিনেট একই চেষ্টা করলে এটিও আটক করা হবে।

বুধবার থেকে আটক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত প্রায় পাঁচশ মানবাধিকারকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত