বিসিবি নির্বাচন না পেছালে ক্রিকেট বর্জনের হুমকে ঢাকার ৪৮ ক্লাবের 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আর দুদিন বাকি। এর ঠিক আগে ঢাকার শীর্ষ ক্লাবগুলো একযোগে তিন দফা দাবি জানিয়েছে। দাবি না মানা হলে দেশের সবধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছে তারা।

আজ মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রার্থীতা প্রত্যাহার করা বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক ও কাউন্সিলর। সেখানে মোহামেডানের কাউন্সিলর মাসুদউজ্জামান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, “বিসিবিতে নির্বাচনের নামে প্রহসন চলছে। এভাবে নির্বাচন হলে বাংলাদেশ ক্রিকেট কলঙ্কিত হবে।”

সংগঠকরা যে তিনটি দাবি তুলেছেন সেগুলো হলো—১. পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়ানো ও নির্বাচন পিছিয়ে দেয়া। ২. অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন। ৩. বর্তমান বা নতুন নির্বাচন কমিশনের অধীনে পুনঃতফসিল ঘোষণা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।
৫ অক্টোবরের মধ্যে এই দাবিগুলো না মানলে ক্লাবগুলো অসহযোগ আন্দোলনসহ ক্রিকেট বর্জনের পথে হাঁটবে। ইতিমধ্যে ঢাকার অন্তত ৪৮টি ক্লাব এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বলে দাবি করেছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে সাবেক পরিচালক, ওল্ড ডিওএইচএসের সভাপতি খালেদ মাহমুদ সুজনও উপস্থিত ছিলেন। ওল্ড ডিওএইচএস থেকেই কাউন্সিলর ছিলেন তামিম ইকবাল। 

কদিন আগে হাইকোর্টের আদেশে তৃতীয় বিভাগের বাছাই পর্ব থেকে আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত হয়। ওই সিদ্ধান্তের জেরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ও রাজশাহী বিভাগের কাউন্সিলর হাসিবুল আলম পরিচালক পদের প্রার্থীতা থেকে সরে দাড়ানোর কথা জানিয়েছেন। 
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাতে বিতরণ করা লিখিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিতর্কিত নির্বাচনের নীলনকশা বাতিল না হলে বাংলাদেশে কোনো ধরনের ক্রিকেটে কোনো ক্লাব অংশ নেবে না। জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপের অভিযোগও তোলা হয়েছে।

যদিও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শুরু থেকেই সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত