অ্যালায়েন্স ফর মিউজিক্যাল রিসার্চ অ্যান্ড আর্কাইভের (আমরা) উদ্যোগে শুক্রবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের কাজল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘দ্রষ্টব্যে দীপন’ শীর্ষক এক বৈঠকী অনুষ্ঠান। গীতিকবি জাহাঙ্গীর হায়দার দীপনের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এই আলাপচারিতায় তাকে ঘিরে স্মৃতিচারণ ও গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াহিদ জামান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার, শিল্পী শহীদ মাহমুদ, শিল্পী সুমন, গীতিকবি তালহা পারভেজ, ইমরুল বাবু (তিলোত্তমা সংঘ, ৮৭ ব্যাচ), সাংবাদিক ও সংগীত গবেষক হক ফারুক আহমেদ, সাংবাদিক নাজমুস সাকিব রহমানসহ গীতিকবির বন্ধু, পরিজন ও গুণমুগ্ধরা।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ভাষা শহীদ আহমেদ রফিককে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গীতিকবি দীপনের লেখা শ্রোতাপ্রিয় ও আলোচিত গান পরিবেশন করা হয়। উপস্থিত দর্শক-শ্রোতারাও তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। দীপন নিজেও তার সৃষ্টির পেছনের গল্প, প্রেক্ষাপট ও ভাবনার দিকগুলো তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও গীতিকবি সাকী আহমদ। অ্যালায়েন্স ফর মিউজিক্যাল রিসার্চ অ্যান্ড আর্কাইভ বাংলাদেশের সংগীত, সংগীতের ইতিহাস সংরক্ষণ ও গবেষণা-প্রচারের উদ্দেশ্যে নিবেদিত সংগঠন।
