আয়ারল্যান্ড আসছে নভেম্বরে, মুশফিকের শততম টেস্ট মিরপুরে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে। এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সব ঠিক থাকলে সেটিই হবে মুশফিকের শততম টেস্ট।

এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। আর দুটি টেস্ট খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা হবে তার।

এটি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত