আবারও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান!

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতৃত্বের পদ ‘আমির’ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, টানা তৃতীয়বারের মতো বর্তমান আমির ডা. শফিকুর রহমান পুনর্নির্বাচিত হতে পারেন। দলের ভেতরে ও বাইরে এমন আলোচনা চলছে।

দীর্ঘ সময় ধরে দলের নেতৃত্বে থাকা শফিকুর রহমানকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘স্থিতিশীল নেতৃত্বের প্রতীক’ হিসেবে দেখছেন অনেক সদস্য ও কেন্দ্রীয় নেতা। এর আগে দলের ইতিহাসে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীও টানা তিন মেয়াদে আমিরের দায়িত্ব পালন করেছেন।

জামায়াতের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সাধারণত এক মাস ধরে চলে। এটি সদস্যদের গোপন ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। চলতি অক্টোবর থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে ফল ঘোষণা করা হবে।

দলের একজন নির্বাহী সদস্য বলেন, আমাদের সাংগঠনিক কাঠামো খুবই নিয়মিত ও ধারাবাহিক। নির্বাচন, দায়িত্ব হস্তান্তর বা নবনির্বাচন-সব কিছুই জামায়াতের অভ্যন্তরীণ চর্চার স্বাভাবিক অংশ।

প্রচলিত নিয়ম অনুযায়ী, আমির নির্বাচনে তিনজন প্রার্থী নিয়ে একটি প্যানেল গঠন করা হয়। সদস্যদের ভোটে সেই তালিকা থেকে একজনকে পরবর্তী আমির নির্বাচিত করা হয়।

সূত্রে জানা গেছে, এবারও ডা. শফিকুর রহমান প্যানেলে থাকছেন নিশ্চিতভাবে। অন্যদিকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও মিয়া গোলাম পরওয়ার। আলোচনায় বলা হচ্ছে, এম আজহারুল ইসলাম এবার প্যানেলে নেই।

দলের সাবেক এক কেন্দ্রীয় নেতা বলেন, জামায়াতে ইসলামীতে যে প্রথা চলে, সেখানে বর্তমান দায়িত্বে থাকা নেতার প্রতি সদস্যদের আস্থা সাধারণত অব্যাহত থাকে। নতুন কেউ প্রার্থী হলেও ভোটে তারা খুব একটা অগ্রাধিকার পান না।

তিনি আরও বলেন, যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা না হয় বা স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে আবারও ডা. শফিকুর রহমানকেই নেতৃত্বে দেখতে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত