সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসি দাবি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম

কারান্তরীণ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমীর, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী তাদের রক্ত ঝরিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগমনকে কেন্দ্র করে আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এতে ঝরে যায় ১৬টি তাজা প্রাণ।

বক্তারা বলেন, গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত শাপলা চত্ত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর অত্যাচারের বিচার করতে হবে। বক্তারা মোকতাদির চৌধুরী ও তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে উপস্থিত করে দ্রুত বিচার কার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত