আজ সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মাদার তেরেসার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের তালিকায় এবার যুক্ত হবে নতুন কিছু নাম।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি-এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় নোবেল।
এবারের নোবেল ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম দিন সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। এরপর মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেলজয়ীদের নাম জানানো হবে। সবশেষে আগামী ১৩ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
নোবেল পুরস্কারের উদ্যোক্তা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী। বিজয়ীরা পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় এক কোটি ২০ লাখ ডলার) অর্থ, ১৮ ক্যারেট সোনার পদক ও সম্মাননাপত্র। প্রতি বিভাগে সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের পাশাপাশি নোবেলজয়ীরা বিশ্বজুড়ে পান অসাধারণ পরিচিতি ও মর্যাদা।
এবার শান্তিতে নোবেল পুরস্কার ঘিরে রয়েছে আলোচনা। ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করতে ‘আবরাহাম অ্যাকোর্ডস’ চুক্তিতে ভূমিকা রাখার জন্য এক রিপাবলিকান কংগ্রেসওমেন গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেন। এর আগে ২০১৮ সাল থেকে দেশ-বিদেশের রাজনীতিবিদদের কাছ থেকে শান্তিতে নোবেলের জন্য ট্রাম্প একাধিকবার মনোনয়ন পেয়েছেন।
নোবেল পুরস্কার ঘোষণার প্রক্রিয়া খুবই গোপন। সাধারণত মনোনীতদের নাম প্রকাশ করা হয় না। এ ছাড়া বিচারকদের আলোচনা-পর্যালোচনা পরের ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। তবে মনোনয়নদাতারা চাইলে নিজেদের প্রস্তাবের কথা প্রকাশ করতে পারেন।
