মারুফার মধ্যে বাংলাদেশের সেরা পেসার হওয়ার সম্ভাবনা দেখছেন জ্যোতি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪১ এএম

বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন তারকা মারুফা আক্তার যেন এক ম্যাচেই বিশ্ব ক্রিকেটে নিজের নামটা জোরালোভাবে ঘোষণা দিলেন। পাকিস্তানের বিপক্ষে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই দুই ব্যাটারকে বোল্ড করে যেন তুমুল আলোচনায় চলে এলেন এই তরুণ পেসার।

প্রথম ওভারের পরপর দুই ডেলিভারিতে পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেল ও ফর্মে থাকা সিদরা আমিনকে বোল্ড করে দেন মারুফা। সেই শুরুর আগুন ঝরানো স্পেলে ভর করেই বাংলাদেশ ১২৯ রানে পাকিস্তানকে গুটিয়ে দেয় এবং পরে ৩২ ওভারেই সাত উইকেটে জয় তুলে নেয়।

স্পিন বোলারদের আধিক্যে পেস বোলার হিসেবে মারুফা এখন এক ব্যতিক্রমী নাম। দারুণ সুইং আর গতি দিয়ে উইকেট ভাঙার ক্ষমতা প্রশংসিত হচ্ছে। এমনকি পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও তাঁর ইনসুইঙ্গারের প্রশংসা করেছেন সামাজিক মাধ্যমে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মারুফাকে নিয়ে উচ্ছ্বাস লুকাননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি মনে করি মারুফার বাংলাদেশের ইতিহাসের সেরা নারী পেসার হওয়ার সম্ভাবনা আছে। অতীতেও অনেক ভালো পেসার ছিল, কিন্তু মারুফা যে এক্সপোজার পাচ্ছে, এমনটা আগে কেউ পায়নি।’

তবে তরুণ পেসারকে বাস্তবতায় রাখতেও ভুল করেননি জ্যোতি। তাঁর পরামর্শ, ‘মারুফার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপে মনোযোগী থাকা। তাকে ঘিরে যা কিছু হচ্ছে, তাতে যেন পারফরম্যান্সের প্রভাব না পড়ে। নিজের প্রস্তুতি, পরের ম্যাচে কেমন পারফর্ম করবে—এসব নিয়েই ভাবা উচিত তার।’

আজ আসামের গৌহাটিতে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় টুর্নামেন্টের দুর্দান্ত সূচনার পর বড় পরিবর্তনের সম্ভাবনা কম, তবুও পরিস্থিতি ও কন্ডিশন অনুযায়ী একাদশে কিছু বদল আসতে পারে বলে জানান অধিনায়ক।

জ্যোতির ভাষায়, ‘আমরা একাদশ নিয়ে বেশি ভাবছি না। তবে ইংল্যান্ড দলে অনেক ডানহাতি ব্যাটার রয়েছে, তাই একাদশে পরিবর্তন আসতে পারে। ম্যানেজমেন্ট ভাববে পরের ম্যাচের জন্য সেরা একাদশ কী হতে পারে। আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই নামতে চাই, তবে উইকেট ও পরিস্থিতি অনুযায়ী স্পিনার বা পেসার বাড়তে পারে।’

ইংল্যান্ডও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে এসেছে। ফলে গৌহাটিতে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের শুরুটা যেমন ছিল স্বপ্নের মতো, তাতে চোখ এখন কেবল সেই ধারাবাহিকতা ধরে রাখার দিকে—বিশেষ করে মারুফার দুরন্ত পেসের ওপরেই ভরসা করছে টাইগ্রেসরা।প্রশংসা করেছেন। মারুফাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত