বাংলাদেশ ক্রিকেটে সেরা উইকেটরক্ষকের প্রসঙ্গ এলেই উঠে আসে নুরুল হাসান সোহানের নাম। তবে আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে সোহান একাদশে থাকলেও কিপিং গ্লাভস হাতে দেখা গিয়েছিল জাকের আলী অনিককে। এবার ওয়ানডে সিরিজে কে থাকছেন উইকেটের পেছনে—এই প্রশ্নের জবাব দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
প্রথম ওয়ানডে ম্যাচের আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে মিরাজ স্পষ্ট জানিয়ে দেন, তার আস্থা পুরোপুরি সোহানের ওপর। তিনি বলেন, ‘আমরা জানি সোহান কতটা গুরুত্বপূর্ণ উইকেটকিপার। যদি বাংলাদেশের সেরা উইকেটরক্ষকের কথা বলেন, আমার মতে সোহানই সেরা। ওয়ানডেতে কিপিংয়ের সুযোগও ওর বেশি থাকবে। অধিনায়ক হিসেবে আমি ওকেই প্রেফার করি।’
তিনি আরও যোগ করেন, ‘সোহানের অনেক অভিজ্ঞতা আছে, বাংলাদেশ দলে খেলেছে। যদি সুযোগ পায়, সে দলে আরও অনেক অবদান রাখতে পারবে। (দল নিয়ে) অবশ্যই আমি অনেক আত্মবিশ্বাসী। সবাই খেলার মধ্যে আছে, অনেকেই টি-টোয়েন্টি সিরিজে খেলেছে। তাই কন্ডিশন সম্পর্কেও সবাই ভালো জানে। আশা করি ছেলেরা উচ্ছ্বসিত এবং মাঠে সেরা পারফরম্যান্সটাই দেবে।’
আজ ৮ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
জর্দি আলবার অবসর ঘোষণায় মেসি, 'এখন কে আমায় পাস দেবে!'
ক্রিকেট থেকে ককপিট— ‘পাইলট’ ধোনির নতুন ইনিংস শুরু