মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮অক্টোবর) রাত সাড়ে ১২টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের হাঁসপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, রহমত (৩২), মুরাদ (৪৫), তুষার (৩২) ও ছামিদুল ইসলাম (২৮)।
ছিনতাইয়ের শিকার স্থানীয় বসুন্ধরা পেপার মিলস এর শ্রমিক রাসেল জানান, বিশেষ প্রয়োজনে ঢাকা যাওয়ার উদ্দেশ্য আনারপুরা থেকে একটা যাত্রীবাহী সিএনজিতে উঠলে আগে থেকেই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা আমার ও স্ত্রীর গলায় ছুরি ধরে ও হাতের আঙ্গুল কেটে টাকা, মোবাইল, জামা কাপড়ের ব্যাগ নিয়ে যায়।
বিষয়টা নিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, রাতে ডিউটি করার সময় একটা সিএনজি উল্টো পথে যাওয়ায় আমাদের সন্দেহ হলে পিছু নিয়ে সিএনজি আটক করি। এ সময় ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীর ফোনে কল আসলে চক্রটাকে আটক করি। পরে ঘটনাস্থল গজারিয়ায় হওয়ায় তাদের গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটা মামলা প্রক্রিয়াধীন। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।