শিক্ষার্থীরা ফলাফল খারাপ করলে শিক্ষকদের জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামীতে শিক্ষার্থীরা যদি ফলাফল খারাপ করে, তবে শিক্ষকদের কঠিন জবাবদিহিতার মুখোমুখী হতে হবে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,শিক্ষার্থী ও সুধীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শুক্রবার (২০ নভেম্বর)বিকাল ৪ টায় উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সৈয়দা নুর মহাল আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতি:জেলা প্রশাসক মো. শরীফ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকতা মিস্ উম্মে হাফছা নাদিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ।

প্রধান অতিথির বক্তব্য শিক্ষা মন্ত্রী বলেন, এ বছর ফলাফল খারাপ হয়েছে, সরকার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার পরও আগামীতে ফলাফল খারাপ হয় তাহলে কিন্তু শিক্ষকদের কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।

এ সময় তিনি আরও বলেন, ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল ঘোষণা করা হবে। সেদিন শিক্ষার্থীরা ফলাফলের শিটের পাশাপাশি নতুন বই পাবে। যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি যাবে।

বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার বইগুলো উন্নত মানে ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের ছাপা বা কাগজের মান ঠিক না থাকলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ তৈরি করা হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর একেএম গিয়াস উদ্দিন,সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম (ভিপি) মাসুম, মো. ইসহাক আলী, মো. আহসানউল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সা:সম্পাদক মোজাম্মেল হক মুন্না,উপজেলা যুব দলের সাবেক সা:সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত