খেলতে খেলতে হঠাৎ অস্বাভাবিক আচরণ রুশ টেনিস কন্যার

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম

এক অদ্ভুত এবং অস্বস্তিকর ঘটনার সাক্ষী হলো চীনের ওহান ওপেন। এই টুর্নামেন্ট খেলতে এসে রাশিয়ার ১৮ বছর বয়সী টেনিস তারকা মিরা আন্দ্রেভা ম্যাচ চলাকালীন কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি কোর্টে র‌্যাকেট আছড়ে ফেলেন এবং ক্যামেরাম্যানের ওপর রেগে গিয়ে বলেন —‘ভিডিও বন্ধ কর’। এই ঘটনা ঘিরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে টেনিস সার্কিটে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা এই তরুণী অভিজ্ঞ জার্মান খেলোয়াড় লরা সিজেমুন্ডের কাছে ৬–৭ (৪–৭), ৬–৩, ৬–৩ সেটে হেরে যান। প্রথম সেটে টাইব্রেক জেতার পরও আন্দ্রেভার মানসিক স্থিরতা ক্রমেই ভেঙে পড়তে থাকে। দ্বিতীয় সেটে প্রতিপক্ষ লিড নেওয়ার পর হতাশা চরমে পৌঁছায়। তখনই রাগে তিনি রুশ ভাষায় চিৎকার করে বলেন, ‘এই অভিশপ্ত টেনিস খেলায় আমি বিরক্ত!’

এর পরপরই মিরা আন্দ্রেভা কোর্টে র‌্যাকেট আছড়ে ফেলেন। তিনি একটির পর একটি গেম হারছিলেন এবং অনিয়ন্ত্রিতভাবে কাঁদছিলেন। তৃতীয় সেটে উত্তেজনা আরও বাড়ে। এক পর্যায়ে প্রতিপক্ষের সময়ক্ষেপণের অভিযোগ তুলে আন্দ্রেভা জোরে বল মেরে দর্শকসারির দিকে পাঠিয়ে দেন। এরপর নেটে বল মিস করার পর বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না!’

সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে বিরতির সময়, যখন তিনি কান্নাভেজা চোখে ক্যামেরাম্যানকে বলেন যেন তার দিকে আর লেন্স তাক না করা হয়!এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তরুণ এই প্রতিভাবান খেলোয়াড়ের মানসিক চাপ নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়ায়। যদিও এটাই প্রথম নয়, আন্দ্রেভা এর আগেও এমন মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছিলেন।

গত মৌসুমে নিংবো ওপেনের ফাইনালে দারিয়া কাসাতকিনার কাছে হারার পরও হাউমাউ করে কেঁদেছিলেন আন্দ্রেভা। এ বছরের মন্ট্রিয়ল টুর্নামেন্টে ম্যাককার্টনি কেসলারের বিপক্ষে হারের সময় নিজ পায়ে বারবার আঘাত করতেও দেখা গেছে তাকে। চলতি মৌসুমে তরুণ খেলোয়াড়দের মানসিক ও শারীরিক চাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিরা আন্দ্রেভার কান্না ও আচরণ সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত