নামাজে এক সুরা দুইবার পড়ে ফেললে কী করবেন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। নামাজ ছাড়া ইমান টিকিয়ে রাখা অসম্ভব। আর এই নামাজ পালনের ফরজ নামাজ ছাড়াও সুন্নত, ওয়াজিব ও বিভিন্ন নফল নামাজ রয়েছে। কেউ জামাতে নামাজ পড়লে ইমাম সুরা-কিরাত পড়েন। আর একাকী নামাজ পড়লে তখন মুসল্লি নিজে পড়ে থাকেন। এটা শরিয়তের নিয়ম।

কিন্তু কোনো নামাজের প্রথম দুই রাকাতে কেউ যদি ভুল করে একই সুরা দুইবার পড়ে ফেলেন তাহলে কি নামাজ শুদ্ধ হবে? নাকি সাহু সিজদাহ দেওয়া লাগবে?

এমন প্রশ্নের উত্তর হলো: ইচ্ছাকৃত নামাজের উভয় রাকাতে কেউ যদি একই সুরা পাঠ করে, তাহলে বিষয়টি অনুত্তম। তবে এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না। (ফাতাওয়া বাজ্জাজিয়া : ৪/৪০; রাদ্দুল মুহতার : ১/৫৪৬ )

কেননা, আল্লাহর রাসুল (সা.) সাধারণত এমনটি করতেন না। তবে একবারের ঘটনা হাদিস শরিফে এভাবে এসেছে, মুআজ ইবনে আবদুল্লাহ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত। 

তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে জানান যে তিনি নবী কারিম (সা.)কে ফজরের নামাজের উভয় রাকাতে সুরা ‘ইযা যুলযিলাতিল আরধ’ পড়তে শুনেছেন। তিনি বলেন, আমি জানি না আল্লাহর রাসুল (সা.) ভুলবশত এমন করেছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে তা পড়েছিলেন। (আবু দাউদ, হাদিস : ৮১৬)

নামাজের জন্য নিজে থেকে কোনো সুরাকে নির্দিষ্ট করে নেওয়া ইসলামের বিধানের পরিপন্থী কাজ। তবে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব নামাজে যেসব কেরাত পড়তেন তা পড়া উম্মতে মুহাম্মাদির জন্য সুন্নাত বা মাসনুন কেরাত।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, নামাজে সুরা ফতিহার পর কেরাত পড়ার ক্ষেত্রে মাসনুন সুরা দিয়ে কেরাত পড়া। সুন্নাতের অনুসরণ ও অনুকরণ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত