ম্যারাডোনা-মেসির ১০ নম্বর জার্সি পড়া মাস্তানের জন্য ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো  খুব দ্রুতই পেশাদার ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন। মাত্র ১৮ বছর বয়সেই আর্জেন্টিনা জাতীয় দলে নিয়মিত ডাক পাচ্ছেন তিনি। এখন তাঁর লক্ষ্য—২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্তানতুয়োনো  বলেছেনন, 'এটা হবে স্বপ্নের মতো কিছু। আমি কঠোর পরিশ্রম করছি যেন ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা পাই। ধাপে ধাপে এগোচ্ছি। ১৮ বছর বয়সে বিশ্বকাপে খেলা—এটা অবিশ্বাস্য হবে। দলের সবাই খুব সহযোগিতাপূর্ণ, আমি এখানে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার লক্ষ্য বিশ্বকাপে যাওয়া।'

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই এই তরুণ প্রতিভাকে জাতীয় দলে নিয়েছেন। কোপা আমেরিকার পর দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও তিনি স্কোয়াডে ছিলেন। চিলির বিপক্ষে ৫ জুনের ম্যাচে ১-০ ব্যবধানে জয়ের দিনে পেয়েছিলেন জাতীয় দলে তাঁর প্রথম শুরুর একাদশে নামার সুযোগ।

সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি অনুপস্থিত থাকায় স্কালোনি মাস্তানতুয়োনোকে দেন আইকনিক ১০ নম্বর জার্সি। সেই স্মৃতি তরুণের মনে গেঁথে আছে চিরদিনের মতো, '১০ নম্বর জার্সি পরা অবিশ্বাস্য অভিজ্ঞতা। এটা লিওর জার্সি, ম্যারাডোনাও এই নম্বরেই খেলেছিলেন। আমি এটা আশা করিনি—একটা অনন্য মুহূর্ত ছিল। এখনো যখন নিজের ওই ছবি দেখি, আবেগে ভেসে যাই। প্রথমে ভাবছিলাম কেউ মজা করছে, কারণ আমার লকারে ২১ নম্বর লেখা ছিল। কিন্তু নামের পাশে নিজের দেখা মুহূর্তটা অসাধারণ।'

মাস্তানতুয়োনো জানান, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের মুহূর্তগুলো তিনি একজন ভক্ত হিসেবে উপভোগ করেছিলেন, বিশেষ করে মেসির সাফল্য তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। '২০২২ সালের ফাইনালের তারিখটা আমি শরীরে ট্যাটু করেছি। ওটা মনে করিয়ে দেয় আর্জেন্টিনার সেই দলকে—আর বিশেষ করে লিওর কণ্টকাকীর্ণ পথচলাকে। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে সুন্দর ঘটনা। এখন তাঁর সঙ্গে একই দলে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা। আমি ছোটবেলা থেকেই লিওর ভক্ত ছিলাম, সবসময় ফুটবল খেলতে চেয়েছি, তবে কখনো ভাবিনি এমন কিছু বাস্তবে ঘটবে।'

রিয়াল মাদ্রিদে মাস্তানতুয়োনো  নিয়মিত খেলছেন ডান প্রান্তে। ক্লাবের ভূমিকা ও জাতীয় দলের ভূমিকায় পার্থক্য নিয়েও মন্তব্য করেন মাস্তানতুয়োনো, 'আমি ডান দিক বা মাঝখানে খেলতে ভালোবাসি, দরকার হলে সেন্টার-ব্যাক হিসেবেও খেলব!' মজা করে বলেন তিনি। 'রিয়াল মাদ্রিদে খেলা বেশি সরাসরি আক্রমণাত্মক, আর আর্জেন্টিনায় আমরা বল দখলে রেখে খেলি—এইটাই মূল পার্থক্য।'

অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে মাস্তানতুয়োনো ও আর্জেন্টিনা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত