গাজা উপত্যকায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী কয়েকজন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে বহু সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দেবে দখলদার ইসরায়েল।
এরই মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তির দিনক্ষণ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
এক বিবৃতিতে হামাস জানায়, সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে।
রবিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা মেহের।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এই বন্দি বিনিময় কার্যক্রম শুরু হবে। এ প্রক্রিয়ায় হামাস প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে।
এ বিষয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান শনিবার ফরাসি সংবাদসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় প্রক্রিয়া সোমবার সকালে শুরু হবে।
একই দিন বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লোহিত সাগর তীরবর্তী পর্যটন নগরী শারম আল-শেখে ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে এক আন্তর্জাতিক সম্মেলনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয়।
এক বিবৃতিতে বলা হয়, এই বৈঠকের লক্ষ্য হবে ‘গাজা উপত্যকায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার নতুন যুগের সূচনা করা।’
জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বৈঠকে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে হামাস জানায়, তারা সম্মেলনে অংশ নেবে না, কারণ আলোচনার পুরো প্রক্রিয়ায় তারা ‘মূলত কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে’ অংশ নিয়েছে। এমনটাই জানান হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বদরান।
