গরিবের ৩৮০ বস্তা সরকারি চাল মহাজনের গুদামে

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

শেরপুরের শ্রীবরদীতে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত সরকারের গরিবের জন্য বরাদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা সরকারি চাল ব্যক্তি মালিকানা রাইস মিল থেকে জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার পৌর শহরের সাতানী মথুরাদী রুহুল রাইস মিলের গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। পরে রাতেই চাল ভিতরে রেখে গোডাউনটি সিলগালা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান। অসহায়দের জন্য বিতরণকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে। প্রশ্ন উঠেছে চাল বিতরণের স্বচ্ছতা নিয়ে? স্থানীয়দের দাবি চাল বিতরণের অনিয়মের কারণেই অসাধু চাল ব্যবসায়ীরা সক্রিয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রুহুল রাইস মিলের গোডাউনে সরকারি চালের বস্তা গুদামজাত করা হচ্ছিল। পরে স্থানীয়রা ট্রলিসহ চালগুলো আটক করে। এলাকাবাসী, ট্রলি চালক ও গোডাউন মালিকের (ভাড়া নেওয়া) দাবি আটককৃত চালগুলো মানিক মিয়া নামের এক জনের। মিলের মালিক রহুল আমিনের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করেন স্থানীয় ব্যবসায়ী আবু সাইদ, আবু তালেব নামে দুজন। ঘটনার সময় সাইদ ও তালেব কেউ উপস্থিত ছিলেন না।

তবে আবু তালেব বলেছেন, মানিক এক দিনের কথা বলে চালগুলো মিলে রেখেছিল। কিন্তু রাতে পুলিশ আসার পর জানতে পারলাম এগুলো সরকারি চাল। ট্রলি চালক সোহাগও একই কথা বলেছেন। কিন্ত মানিক মিয়া বলেছেন, চালগুলো আমার না। এসব আমার বিরুদ্ধে অপপ্রচার।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পন্ডিত বলেন, সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে ডিলারদের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করেছি। এ মাসে কোনও চাল বিতরণ করা হয়নি।

শ্রীবরর্দী উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাবের বলেন, জব্দকৃত চালগুলো সরকারি। কিভাবে, কারা এই সরকারি সম্পদ এখানে এনেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মিলের গুদাম সিলগালা করা হয়েছে। খাদ্য বিভাগের সঙ্গে কথা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে। চালগুলো স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত