বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত ফিরোজা বিবি নামের এক নারী জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা গেছেন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বেগমকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া জানান, শুক্রবার বেলা ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী। দুর্ঘটনার কারণে জয়পুরহাটে নির্ধারিত কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেননি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি সফরে জয়পুরহাট যাওয়ার পথে গোপীনাথপুর এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে হঠাৎ ফিরোজা বিবি চলে আসেন। তাকে এড়াতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী আহত হন। একই ঘটনায় ফিরোজা বিবিও আহত হন।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, প্রতিমন্ত্রীর কোনো হাড় ভাঙেনি। তার ডান পায়ে সফট টিস্যুতে আঘাত লেগেছে। এ ছাড়া হাত, কাঁধ ও ঘাড়েও সাময়িক আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা হিসেবে তার ডান পায়ে ‘শর্ট লেগ’ প্লাস্টার দেওয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু