পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ৪ উইকেট আর নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হারায় ব্যাটিংই হয়ে উঠেছে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা।
এই অবস্থায় আজ বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ। দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার আশাবাদী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটাররা ঘুরে দাঁড়াবেন।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল মাত্র ১৭৮ রান, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্য তাড়ায় অলআউট হয় ১২৭ রানে। ইংল্যান্ড ম্যাচে সোবহানা মোস্তারি (৬০), রাবেয়া খান (৪৩), শারমিন আক্তার (৩০) ও স্বর্না আক্তার (১০) ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডার গুটিয়ে যায় মাত্র ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে। এরপর ফাহিমা খাতুন (৩৪), নাহিদা (১৭) ও রাবেয়া (২৫) কিছুটা প্রতিরোধ গড়েন, সঙ্গে এক্সট্রা থেকে আসে ৩০ রান।
“আমরা স্বীকার করছি, ব্যাটিংটা ভেঙে পড়েছিল। কোচিং স্টাফ ও ব্যাটারদের সঙ্গে আলোচনা করে সেই জায়গাগুলো নিয়ে কাজ করছি। আশা করি, পরের ম্যাচে সবাই ভালোভাবে ফিরবে,” বলেন নাহিদা, রবিবারের প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে।
ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, “কে ওপেন করবে, সেটি টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে নাহিদা যোগ করেন, “আমরা জানি ওরা ভালো দল এবং শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে। আমাদের ব্যাটার ও বোলাররা নিজেদের পরিকল্পনা নিয়েছে, টিম মিটিংও হবে। আমরা আমাদের সেরাটা দিতে চাই এবং ভালো কিছু করতে চাই।”
পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অপরিহার্য। “আমরা আগের মতোই ইতিবাচক মনোভাব নিয়ে নামবো। যদি ব্যাটিংয়ে লম্বা সময় টিকতে পারি, ম্যাচটা আমাদের জন্য ভালোই হবে,” আত্মবিশ্বাসের সঙ্গে বলেন নাহিদা আক্তার।
ঘানা আবার বিশ্বকাপে, স্বপ্ন দেখছে ৫৫ হাজার মানুষের দেশ ফারো আইল্যান্ড