ম্যাচ বল না দেওয়ায় বাংলাদেশকে ‘দ্বিগুণ মূল্য দিতে হবে’, হুমকি হংকং হ্যাটট্রিকম্যানের 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম

ঢাকায় গত বৃহস্পতিবার এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করার পর ম্যাচ বল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হংকংয়ের উইঙ্গার রাফায়েল মার্কিস। তিনি সতর্ক করে বলেছেন, 'বাংলাদেশকে এর দ্বিগুণ মূল্য দিতে হবে।'

জাতীয় স্টেডিয়ামে সেদিন রোমাঞ্চকর ম্যাচে রোমাঞ্চকর ম্যাচে রাফায়েল মার্কিসের হ্যাটট্রিকে হংকং ৪–৩ গোলে হারায় বাংলাদেশকে। শেষ মুহূর্তে মার্কিসের গোলে নিশ্চিত হয় সেই জয়। কাল হংকংয়ে কাই তাক স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ফিরিতে ম্যাচে দুদল আবার মুখোমুখি হচ্ছে। 

এই ম্যাচে জিতলে হংকং ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে যাবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ মার্কিস জানিয়েছেন, ঢাকায় বাংলাদেশের সেদিনের 'আচরণ' তাকে আরও অনুপ্রাণিত করেছে প্রতিশোধ নিতে, 'আমি ম্যাচের পর বল চেয়েছিলাম, কিন্তু তারা দিতে চায়নি। বল বয়দের কাছেও গিয়েছিলাম, কিন্তু কেউই দিতে রাজি হয়নি।'

বৃহস্পতিবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে নামা মার্কিস জানান, তিনি দ্রুত সেরে উঠেছেন “আইস বাথ, সাঁতার, স্ট্রেচিং ও মোবিলিটি এক্সারসাইজের” মাধ্যমে, যদিও ঢাকা থেকে ফেরার ফ্লাইটে ঘুমাতে পারেননি।

তিনি আরও বলেন, 'এটা ছিল এক পাগলাটে রাত। তবে কাজ এখনো অর্ধেক বাকি। আমাদের আবার মনোযোগী হতে হবে, কারণ এই ম্যাচটাও সমান গুরুত্বপূর্ণ।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত